খিলক্ষেতে নিখোঁজ হওয়ার একদিন পর তিন বছর বয়সী শিশু মাহাদি রহমানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) বিকেলে রাজধানীর খিলক্ষেত থানাধীন জামতলা এলাকার একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
রাতে বিষয়টি নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হোসাইন।
তিনি জানান, মাহাদি রহমান (৩ বছর ৫ মাস) মঙ্গলবার (২৩ জুন) সকাল প্রায় ৯টার দিকে জামতলায় নিজ বাসা থেকে নিখোঁজ হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে খিলক্ষেত থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
এরপর, বুধবার বিকেল প্রায় ৫টার দিকে জামতলা এলাকার বাকি বিল্লাহর বাড়ির পেছনে জনৈক ইদ্রিস সরকারের ডোবার মধ্যে একটি শিশুর মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি থানায় জানান।
খবর পেয়ে খিলক্ষেত থানার এসআই (নিরস্ত্র) ফজলে এলাহী ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। নিহত মাহাদি রহমানের বাবার নাম মিজানুর রহমান এবং মায়ের নাম স্মৃতি সিদ্দিকা। তাদের গ্রামের বাড়ি বরগুনা জেলায় হলেও বর্তমানে তারা খিলক্ষেতের জামতলা এলাকায় বসবাস করছেন।
ওসি আরও জানান, ঘটনাস্থল পরিদর্শনে পরে সিআইডির ক্রাইম সিন ইউনিটও উপস্থিত হয়। প্রয়োজনীয় আলামত সংগ্রহ শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এটা হত্যা নাকি অন্য কোনো বিষয় তা জানতে চাইলে ওসি জানান, এখন পর্যন্ত হত্যার কোনো আলামত আমরা পাইনি। আমাদের অফিসার বিভিন্ন সিসি ফুটেজ সংগ্রহ করছে। এর পিছনে অন্য কোনো কারণ আছে কিনা সেটার তদন্ত চলছে বলে জানান তিনি।
এসএএ/এসএইচএ
