বিজ্ঞাপন

ডিসির সহায়তায় বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্নপূরণের পথে চা বিক্রেতার মেয়ে

ডিসির সহায়তায় বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্নপূরণের পথে চা বিক্রেতার মেয়ে

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম অর্থাভাবে উচ্চশিক্ষা নিয়ে অনিশ্চয়তায় থাকা এক চা বিক্রেতার মেয়ের শিক্ষার দায়িত্ব নিয়েছেন। একইসঙ্গে চিকিৎসার অর্থসংকটে থাকা এক বীর মুক্তিযোদ্ধাসহ অসহায় ও বিপন্ন মানুষের বিভিন্ন সমস্যা শুনে তাৎক্ষণিক সহায়তা ও প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন তিনি।

বুধবার (২৪ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সাপ্তাহিক গণশুনানিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সেবাপ্রত্যাশীরা তাদের সমস্যা ও আবেদন তুলে ধরেন। একইসঙ্গে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রে অবস্থানরত কয়েকজন প্রবাসী অনলাইনে যুক্ত হয়ে বিভিন্ন অভিযোগ ও আবেদন জানান। গণশুনানিতে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম।

গণশুনানিতে বোয়ালখালীর উত্তর চরণদণ্ডী এলাকার এক শিক্ষার্থী জানান, তিনি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের হিসাববিজ্ঞান বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন। তার বাবা শাহ আলম একজন ক্ষুদ্র চা বিক্রেতা। পরিবারের সীমিত আয়ের কারণে ভর্তি ফি ও অন্যান্য ব্যয় বহন করা তাদের পক্ষে সম্ভব হচ্ছিল না।

শিক্ষার্থী আরও জানান, গত বছরও তিনি রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছিলেন। কিন্তু মাত্র ১০ হাজার টাকার অভাবে ভর্তি হতে পারেননি। এবারও একই ধরনের অনিশ্চয়তার মুখোমুখি হয়ে তিনি জেলা প্রশাসকের দ্বারস্থ হন।

বিষয়টি শুনে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম তার উচ্চশিক্ষার দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন এবং প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। জেলা প্রশাসকের এমন মানবিক উদ্যোগে আবেগাপ্লুত হয়ে শিক্ষার্থী বলেন, মানুষের মুখে তাকে ‘মানবিক জেলা প্রশাসক’ হিসেবে শুনেছিলেন, আজ নিজের জীবনে তার বাস্তব প্রমাণ পেলেন।

গণশুনানিতে উপস্থাপিত প্রতিটি আবেদন মনোযোগ দিয়ে শুনে জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। একই সঙ্গে মানবিক সহায়তার আবেদনগুলো দ্রুত যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

চট্টগ্রামে দায়িত্ব গ্রহণের পর থেকে নিয়মিত গণশুনানির মাধ্যমে প্রবাসীসহ সাধারণ মানুষের সমস্যার কথা শুনে তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ নেওয়ায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম ইতোমধ্যে স্থানীয় মানুষের কাছে ‘মানবিক ডিসি’ হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছেন।

জেডএস