চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারইয়ারহাট বাজারে রাস্তা পার হওয়ার সময় কার্ভাডভ্যানের ধাক্কায় মোহাম্মদ আলী নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৯টার দিকে বারইয়ারহাট বাজারের গ্রীন টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আলী ২ নম্বর হিংগুলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মেহেদীনগর এলাকার বাসিন্দা। তিনি বারইয়ারহাট বাজারের একজন পরিচিত ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রীন টাওয়ারের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি বেপরোয়া গতির কার্ভাডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। মরদেহের সুরতহাল ও প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
জেডএস
