রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকার শীর্ষ ছিনতাইকারী ও মাদক কারবারি মো. মিলনকে (২৮) গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
গ্রেপ্তার মিলন রাজধানীর টিকাটুলিতে ড্যাফোডিল ইউনিভার্সিটির ছাত্র আবু তালহা হত্যা মামলার প্রধান আসামি।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৪ জুন) রাত ১১টার দিকে সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মিলনকে গ্রেপ্তার করা হয়।
এডিসি নিয়াজ মেহেদী বলেন, গ্রেপ্তার মিলন রাজধানীর টিকাটুলীর আর কে মিশন রোড এলাকায় ছিনতাইকারীর হাত থেকে অন্য একজনকে রক্ষা করতে গিয়ে নিহত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের মেধাবী শিক্ষার্থী খন্দকার আবু তালহা হত্যা মামলার প্রধান আসামি।
এছাড়াও তার বিরুদ্ধে হত্যা, ছিনতাই ও মাদকের একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
জেইউ/জেডএস
