দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো ট্যাক্সের আওতার বাইরে রাখার প্রস্তাব দিয়েছেন ময়মনসিংহ-৭ আসনের সরকারদলীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান। তিনি সংসদে প্রশ্ন রাখেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়, প্রাইভেট অর্গানাইজশন কীভাবে ট্যাক্সেবল হয়?
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৫তম দিন বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা জানান। বেলা ১১টায় শুরু হওয়া সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
প্রাইভেট ইউনিভার্সিটি ট্যাক্সেশন নিয়ে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আলোচনায় ডা. মাহবুবুর রহমান বলেন, প্রাইভেট ইউরিভার্সিটি ইজ রানিং বাই ট্রাস্টি বোর্ড, নন প্রফিট অর্গানাইজেশন। একটা নন-প্রফিট অর্গানাইজেশন কীভাবে ট্যাক্সেবল হয়? এটা আমাদের মাথায় আসে না। বিগত সরকার এটাকে ব্যবসায়িকভাবে নিয়ে এখান থেকে টাকা নিয়েছে। ইউনিভার্সিটির ওপরে চাঁদাবাজি করেছে। আমি অনুরোধ করব আমাদের সরকারকে, এই সরকার অবশ্যই শিক্ষার জন্য এত কিছু যেহেতু করছে, আই হোপ যে, উনারা এই ট্যাক্স জিনিসগুলা না রেখে ট্রাস্টি বোর্ডকে এর আওতা থেকে বাইরে রাখবে ইউনিভার্সিটিকে।
বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি আরও বলেন, সামাজিক যে সেফটি নেট, এইখানে একটা হিউজ ব্যাপার ফ্যামিলি কার্ড, এইটার কোনো তুলনাই হয় না। আমাদের অপজিশনরা প্রথমদিকে হয়ত ফ্যামিলি কার্ড নিয়ে যাই বলেছেন, আমার মনে হয় উনারা বুঝতে পেরেছেন যে আসলে ফ্যামিলি কার্ড নিয়ে নাড়াচাড়া করলে যেভাবে উনারা জিতে আসছেন কয়েকটা জায়গায়, সেখানে অসুবিধা।
এমএসআই/এসএম
