বিজ্ঞাপন

দীর্ঘদিন ধরে অবহেলিত সড়কের উন্নয়নে কাজ করা হচ্ছে : মেয়র শাহাদাত

দীর্ঘদিন ধরে অবহেলিত সড়কের উন্নয়নে কাজ করা হচ্ছে : মেয়র শাহাদাত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, দীর্ঘদিন ধরে অবহেলিত ও জরাজীর্ণ অবস্থায় থাকা নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোর উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে সিটি কর্পোরেশন। এসব সড়কের উন্নয়নের মাধ্যমে নাগরিকদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৫ জুন) নগরীর ৩৫ নম্বর বক্সিরহাট ওয়ার্ডের শহীদ এনএমএমজে ডিগ্রি কলেজ সড়ক ও রাজাখালী সড়কের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, দীর্ঘদিন ধরে অবকাঠামোগত উন্নয়নের অভাবে এলাকার মানুষকে নানা ভোগান্তির শিকার হতে হয়েছে। বিশেষ করে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষের চলাচল ছিল কষ্টসাধ্য। জনগণের দুর্ভোগ কমানো এবং এলাকার সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে এসব সড়কের উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে। 

তিনি বলেন, একটি উন্নত নগরীর অন্যতম পূর্বশর্ত কার্যকর যোগাযোগ ব্যবস্থা। সড়ক উন্নয়নের ফলে শুধু যাতায়াত সহজ হয় না, শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডও সম্প্রসারিত হয়। এ কারণে নগরীর প্রতিটি ওয়ার্ডে প্রয়োজনভিত্তিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে কাজ করে যাচ্ছে সিটি কর্পোরেশন।

ডা. শাহাদাত হোসেন আরও বলেন, চট্টগ্রামকে ক্লিন, গ্রিন, হেলদি, সেফ অ্যান্ড স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি নাগরিক সেবার মানোন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে। স্বচ্ছতা, জবাবদিহিতা ও পরিকল্পনার ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

আরএমএন/এমএসএ