রাজধানীর বংশালের সিদ্দিক বাজারের আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে মো. শামিম হাসনাত (৪৬) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক।
নিহত শামীম হাসনাতের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার শশেয়দিঘী গ্রামে। তার বাবার নাম মৃত আবুল কাশেম।
ওসি জানান, আজ সকালের দিকে খবর পেয়ে বংশাল থানাধীন সিদ্দিক বাজার এলাকার ঢাকা প্যালেস নামে একটি আবাসিক হোটেলের চতুর্থ তলার ১২১নং কক্ষ থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করি। প্রাথমিক তদন্তে আমরা ঐ ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাইনি। পরে মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, আমরা হোটেলের ম্যানেজারের কাছ থেকে জানতে পারি গত ঈদের পর থেকে ওই হোটেলেই ভাড়া থাকতে শামীম হাসনাত। সে কাজ কর্ম না করলেও তার ভাইয়ের জুতার দোকান থেকে টাকা নিয়ে চলাফেরা করতো। তবে সে কী কাজ করতো, সে বিষয়ে এখন আমরা জানতে পারিনি।
এ বিষয়ে আবাসিক হোটেলের মালিক মো. আবদুল কাদির জানান, গতকাল রাত থেকেই তার হোটেলের কক্ষটি বন্ধ ছিল। পরে আজ সকালে হোটেলের ঝাড়ুদার সাহিদা বেগম কক্ষের দরজা ধাক্কা দিলেই তিনি দেখতে পান বিবস্ত্র অবস্থায় পড়ে আছে ওই ব্যক্তিটি। পরে আমরা বিষয়টি স্থানীয় থানা পুলিশকে জানাই।
নিহত ব্যক্তির বড় ভাই মোশারফ হোসেন জানান, আমার ছোট ভাই কোনো কাজকর্ম করত না। আমার কাছ থেকে হাত খরচ নিয়ে চলত। প্রায় দশ বছর আগে সে বিয়ে করেছিল। বিয়ের দুই মাসের মধ্যেই তাদের ডিভোর্স হয়ে যায়। তবে আমার ভাই নিয়মিত ইয়াবা সেবনে আসক্ত ছিল। এ কারণে তাকে ২০১৮ সালে বাসা থেকে বের করে দেন আমার বাবা। পরে আজকে আমি কর্মস্থলে এসে টেলিফোনে জানতে পারি আমার ভাই ওই হোটেলে মৃত অবস্থায় পড়ে আছে।
পুলিশের আরেকটি সূত্র থেকে জানা যায়, অতিরিক্ত মাদক সেবনে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
এসএএ/বিআরইউ
