বিজ্ঞাপন

ডিএনসিসি এলাকায় শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

ডিএনসিসি এলাকায় শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

আগামী ২৮ জুন থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হবে। 

আজ (বৃহস্পতিবার) ঢাকা উত্তর সিটি করপোরেশনের নগর ভবনে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে আয়োজিত অবহিতকরণ সভায় এই ঘোষণা দেওয়া হয়।

সভায় জানানো হয়, আগামী ২৮ জুন দিনব্যাপী ৬-১১ মাস বয়সী সব শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১-৫ বছরের সব শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। 

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫৪টি স্থায়ী ও ১৮৫১টি অস্থায়ী কেন্দ্রে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ সময় প্রতিটি কেন্দ্রে ২ জন করে মোট ৩৮১০ জন ভলান্টিয়ার কাজ করবে। এ ছাড়াও ১৮৩ জন প্রথম সারির সুপারভাইজার ও ১০৩ জন দ্বিতীয় সারির সুপারভাইজার মাঠ পর্যায়ে কাজ করবে। 

এ ছাড়াও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী, বস্তিবাসী, বাস টার্মিনাল ও ট্রেন স্টেশনে ডিএনসিসির পক্ষ থেকে ৪টি অ্যাম্বুলেন্সের মাধ্যমে ক্যাম্পেইনের দিনসহ পরবর্তী চারদিন এ টিকা খাওয়ানো হবে। একই সঙ্গে কর্মজীবী অভিভাবকদের সুবিধার্থে ক্যাম্পেইনের দিনসহ ডিএনসিসির স্থায়ী কেন্দ্রগুলোতে পরবর্তী চারদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের খাওয়ানো হবে।

এএসএস/আরএফ/এনএফ