বিজ্ঞাপন

মোহাম্মদপুরে ডেকে নিয়ে বাসার সামনেই কিশোরকে ছুরিকাঘাত

মোহাম্মদপুরে ডেকে নিয়ে বাসার সামনেই কিশোরকে ছুরিকাঘাত

রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় মারুফ হোসেন নামে এক কিশোরকে বাসার সামনে ডেকে নিয়ে পেটে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর আড়াইটার দিকে বসিলার দয়াল হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। বিকেল সাড়ে ৫টার দিকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে সে হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

আহত মারুফের গ্রামের বাড়ি বরিশাল জেলার বাবুগঞ্জ থানার লাফাদি গ্রামে। বর্তমানে সে মোহাম্মদপুর থানার বসিলা দয়াল হাউজিং এলাকার ৩ নম্বর রোডে ‘সচিবের বাসার’ ভাড়াটিয়া। পেশায় সে একজন রিকশাচালক।

আহত মারুফের বাবা কালাম জানান, ‘আমাদের বাসা বসিলার দয়াল হাউজিং এলাকায়। আমার ছেলে মারুফ পেশায় রিকশাচালক। জয়নাল নামে স্থানীয় এক কিশোরের সঙ্গে তার পূর্বশত্রুতা ছিল। এরই জের ধরে আজ দুপুর আড়াইটার দিকে জয়নাল তাকে ডেকে নিয়ে বাসার সামনেই পেটে ছুরি ঢুকিয়ে পালিয়ে যায়। পরে আমরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বিকেলে ঢাকা মেডিকেলে নিয়ে এসেছি। বর্তমানে সে ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।’

মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) রাজু আহমেদ জানান, ‘আমরা ঘটনার বিষয়টি জানতে পেরেছি। আহত ওই কিশোর ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কেন, কী কারণে এই ঘটনাটি ঘটেছে– সে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

এসএএ/বিআরইউ

বিজ্ঞাপন