চট্টগ্রামের মীরসরাইয়ে শুল্ক ফাঁকি দিয়ে দেশে আনা ১৮০ পিস ভারতীয় শাড়ি জব্দ করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
আজ (বৃহস্পতিবার) দুপুরে উপজেলার বারইয়ারহাট পৌর বাজারে এসএ পরিবহনের সামনে থেকে এসব শাড়ি জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে পরিবহনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পাঠানোর প্রস্তুতিকালে শাড়িগুলো জব্দ করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শুল্ক ফাঁকি দিয়ে সীমান্তপথে দেশে আনা এসব পণ্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহের উদ্দেশ্যে পাঠানো হচ্ছিল।
স্থানীয় সূত্রের দাবি, দীর্ঘদিন ধরে চোরাইপথে দেশে আসা শাড়ি, থ্রি-পিস, কসমেটিকসসহ বিভিন্ন পণ্য পরিবহন সংস্থার মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে। পুলিশ প্রশাসনকে ফাঁকি দিয়ে একটি চক্র এসব কাজে জড়িত বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি আরও জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র শুল্ক ফাঁকি দিয়ে আনা পণ্য অবৈধভাবে বাজারজাত করে আসছিল। এসব চোরাচালান করা ও শুল্ক ফাঁকি দেওয়া পণ্যের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, জব্দ করা শাড়িগুলোর বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এসএএস/এনএফ
