বিজ্ঞাপন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদ

অন্যকে দিয়ে লিখিত পরীক্ষা, ভাইভায় এসে আটক ৪ জন

অন্যকে দিয়ে লিখিত পরীক্ষা, ভাইভায় এসে আটক ৪ জন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের মৌখিক পরীক্ষায় (ভাইভা) অংশ নিতে এসে জালিয়াতির অভিযোগে চারজন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।

আজ (বৃহস্পতিবার) মৌখিক পরীক্ষা দিতে এসে ধরা পড়েন তারা।

আটক পরীক্ষার্থীরা হলেন— মো. মোমিনুল ইসলাম মৃদুল, মো. সোহেল রানা, মো. রোমান এবং মামুন মিয়া।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে জনবল নিয়োগের জন্য গত ১৯ জুন অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট ১০৭ জন প্রার্থী নির্বাচিত হন। নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়ার জন্য ২৪, ২৫ এবং ২৮ জুন তারিখ নির্ধারণ করা হয়।

অফিস সহায়ক পদে আজ ২৫ জুনের মৌখিক পরীক্ষার নির্ধারিত ৩৬ জন প্রার্থীর মধ্যে ৩০ জন প্রার্থী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী ৩০ জন প্রার্থীর মধ্যে আটককৃত এই ৪ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় আশানুরূপ পারদর্শিতা প্রদর্শন করতে ব্যর্থ হন। এ ছাড়া লিখিত পরীক্ষার উত্তরপত্রের হাতের লেখার সাথে মিল না পাওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা প্রত্যেকে স্বীকার করেন যে, লিখিত পরীক্ষায় অংশগ্রহণ না করে অন্য ব্যক্তিদের প্রক্সি দেওয়ার মাধ্যমে লিখিত পরীক্ষায় তারা উত্তীর্ণ হন। পরবর্তী সময়ে লিখিত স্বীকারোক্তির পরিপ্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য শাহাবাগ থানায় তাদের হস্তান্তর করা হয়।

এসএইচআর/আরএফ/এনএফ