রাজধানীর যাত্রাবাড়ী থানা পুলিশের সেকেন্ড অফিসার পরিচয় দিয়ে নিরীহ লোকজনের কাছ থেকে প্রতারণার মাধ্যমে নগদ টাকা ও মোবাইল ফোন হাতিয়ে নেওয়ার অভিযোগে লাবু কাজী (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে প্রতারণার শিকার এক ব্যক্তির আইফোন ১৬ প্রো ম্যাক্স উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।
তিনি জানান, বুধবার দিবাগত রাত আনুমানিক ২টায় যাত্রাবাড়ী থানা গেটের সামনে থেকে লাবু কাজীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার লাবু কাজী নিজেকে যাত্রাবাড়ী থানার সেকেন্ড অফিসার হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন হাতিয়ে নিতেন। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে প্রতারণার শিকার এক ব্যক্তির আইফোন ১৬ প্রো ম্যাক্স উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তার লাবু কাজী জনৈক তোতা মিয়ার কাছ থেকে ভিকটিম উদ্ধার করার কথা বলে নগদ ৫ হাজার টাকা গ্রহণ করেন। এছাড়া মিলন নামে এক ব্যক্তিকে থানা থেকে ছেড়ে দেওয়ার কথা বলে তার ভাইয়ের কাছ থেকে ১৫ হাজার টাকা হাতিয়ে নেন। এছাড়াও থানার আশপাশের ফলের দোকান, আবাসিক হোটেল, ফুটপাতের দোকান ও আড়তসহ বিভিন্ন স্থান থেকে পুলিশ পরিচয় দিয়ে নিয়মিত টাকা-পয়সা আত্মসাৎ করে আসছিলেন মর্মে অভিযোগ আছে গ্রেপ্তার লাবু কাজীর বিরুদ্ধে।
তিনি জানান, গ্রেপ্তার লাবু কাজীর বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।
এমএসি/এসএইচএ
