চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ঝিকুটি পাড়া এলাকায় নির্মাণাধীন একটি বাড়ির সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৬ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রাউজানের কচুখাইন এলাকার প্রদীপ দাশ এবং বোয়ালখালী উপজেলার কদুরখিল এলাকার সমীরণ দাশ। স্থানীয়দের ভাষ্য, প্রদীপ দাশ ওই বাড়ির মালিক রতন ডাক্তারের জামাতা।
স্থানীয় সূত্র জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে নির্মাণাধীন বাড়ির দীর্ঘদিন বন্ধ থাকা সেপটিক ট্যাংকে কাজ করতে নামেন প্রদীপ দাশ। ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করতে নিচে নামেন সমীরণ দাশ। তিনিও গ্যাসে আক্রান্ত হন। একপর্যায়ে দুজনই ট্যাংকের ভেতরে অচেতন হয়ে পড়েন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের রাউজান স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন দুই শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, দীর্ঘ সময় বন্ধ থাকা সেপটিক ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এদিকে দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। বিকেলে প্রদীপ দাশের মরদেহ তার শ্বশুরবাড়ি ঝিকুটি পাড়ায় নেওয়া হলে স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।
আরএমএন/জেআই/এমএন
