বিজ্ঞাপন

চট্টগ্রামে শটগান ও ৫ রাউন্ড কার্তুজসহ গ্রেপ্তার ২

চট্টগ্রামে শটগান ও ৫ রাউন্ড কার্তুজসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে একটি দেশীয় শটগান ও পাঁচ রাউন্ড কার্তুজসহ দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ জুন) রাতে বায়েজিদ বোস্তামী থানার কামরাবাদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— মো. তৌহিদুল ইসলাম সামির (২২) ও মো. আলমগীর হোসেন সজীব (২০)। তাদের মধ্যে তৌহিদুল ইসলাম বায়েজিদ বোস্তামী এলাকার স্থানীয় বাসিন্দা এবং আলমগীর হোসেন কুমিল্লার মুরাদনগর উপজেলার বাসিন্দা। তিনি বর্তমানে বায়েজিদ বোস্তামী এলাকার মীরপাড়ায় বসবাস করেন।

আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে দামপাড়া পুলিশ লাইনসের মিডিয়া সেন্টারে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরেন সিএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. হাসান মোস্তফা স্বপন।

সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. হাসান মোস্তফা স্বপন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার রাতে বায়েজিদ বোস্তামী থানার কামরাবাদ এলাকায় বিশেষ চেকপোস্ট বসায় পুলিশ। রাত সাড়ে ৮টার দিকে ওই দুই তরুণ সন্দেহজনকভাবে পালানোর চেষ্টা করলে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদের আটক করেন। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি লোহার তৈরি দেশীয় শটগান ও পাঁচ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় অস্ত্র আইনে বায়েজিদ বোস্তামী থানায় একটি মামলা করা হয়েছে। শনিবার গ্রেপ্তারদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এমআর/আরএফ/এমএন