বিজ্ঞাপন

চট্টগ্রামে কলেজছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে কলেজছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের চকবাজার থানার বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী আশফাক কবির সাজিদ হত্যা মামলার আসামি ইশতিয়াককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার ইশতিয়াক চকবাজার থানার ডিসি রোড এলাকার বাসিন্দা। দক্ষিণ রাঙ্গুনিয়া থানাধীন শিলক মিনাগাজির টিলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (২৭ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, নিহত আশফাক কবির সাজিদ কক্সবাজার জেলার চকরিয়া থানার দাতিনাথালীপাড়া গ্রামের আবুল হাসেমের ছেলে। তিনি বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। গত ১২ এপ্রিল বিকেলে বৌ-বাজার যাওয়ার রাস্তার মুখে একটি টং দোকানের সামনে সাজিদ তার বন্ধু ফারদিন হাসানের সঙ্গে বসে কথা বলছিলেন। এ সময় আইমন, অনিক, রানা প্রকাশ মাইকেল রানা, ইলিয়াস, এনায়েত উল্লাহ ও মিসকাতুল কায়েসসহ অজ্ঞাতপরিচয় আরও কয়েকজন ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

একপর্যায়ে সাজিদ তাদের হাত থেকে বাঁচতে দৌড়ে চকবাজার থানার ডিসি রোডের মৌসুমি আবাসিক এলাকার একটি নির্মাণাধীন ভবনের ৮ তলায় গিয়ে প্রবেশ করেন। পরে দুর্বৃত্তরা তাকে ধাওয়া করে ভবনে প্রবেশ করে এলোপাতাড়ি মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে ভবনের ৮ম তলার লিফটের খালি জায়গা দিয়ে নিচে ফেলে দেওয়া হয়। স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাজিদকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি দায়ের হয় ১৩ এপ্রিল।

চট্টগ্রাম র‍্যাবের সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন বলেন, শুক্রবার মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি ইশতিয়াক দক্ষিণ রাঙ্গুনিয়া এলাকায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চকবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমআর/জেডএস