বিজ্ঞাপন

রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় নারী নিহত

রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় নারী নিহত

চট্টগ্রামের পটিয়ায় রেললাইন পার হতে গিয়ে কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক নারী নিহত ও অপর এক নারী গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৭ জুন) দুপুর ১টার দিকে পৌর সদরের বাহুলী শ্রীমাই ব্রিজ সংলগ্ন রেলপথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুর নাহার (৫৫) কক্সবাজারের মহেশখালী উপজেলার বাসিন্দা। আহত রাশেদা বেগম (৬৫) একই এলাকার বাসিন্দা। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাহুলী এলাকার একটি কৃষিজমিতে দিনমজুর হিসেবে কাজ শেষে দুপুরের খাবারের জন্য রেললাইন পার হওয়ার সময় দ্রুতগতির প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুই নারী আহত হন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই নুর নাহারের মৃত্যু হয়। আহত রাশেদাকে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চমেক হাসপাতালে পাঠানো হয়।

পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা বলেন, প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা বলে মনে হচ্ছে। মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে।

আরএমএন/জেডএস