বিজ্ঞাপন

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সরকারকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সরকারকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে

পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। এই ঝুঁকি মোকাবিলায় সরকারকে কার্যকর ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের পাশাপাশি জাতিসংঘের উদ্যোগে বৈশ্বিক পর্যায়েও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ বিজ্ঞানী ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য (ভিসি) ড. মোহাম্মদ আব্দুর রব।

রোববার (২৮ জুন) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে সোসাইটি ফর ন্যাশনাল চ্যারিটি (এসএনসি) আয়োজিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তন : বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রেক্ষিত শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ড. আব্দুর রব বলেন, বাংলাদেশসহ গোটা বিশ্ব পরিবেশগত এক জটিল পরিস্থিতির মুখোমুখি। উন্নত দেশগুলো হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণে শব্দদূষণের বিষয়টি গুরুত্ব দিলেও বাংলাদেশে তা উপেক্ষিত হচ্ছে। রাস্তার পাশে বা মাঝখানে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার কারণে শব্দদূষণ মানুষের মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে, এমনকি গর্ভের শিশুও এর ঝুঁকিতে পড়ছে।  

তিনি বলেন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। জীববৈচিত্র্য রক্ষায় বাংলাদেশ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারেনি। তাই পরিবেশ সুরক্ষায় দীর্ঘমেয়াদি রাষ্ট্রীয় পরিকল্পনার কোনো বিকল্প নেই।

সভাপতির বক্তব্যে এসএনসির চেয়ারম্যান ও সাবেক অতিরিক্ত সচিব ড. খন্দকার রাশেদুল হক বলেন, একসময় বুড়িগঙ্গার পানি ছিল স্বচ্ছ ও পরিচ্ছন্ন। কিন্তু এখন নদীটির পাশ দিয়ে হাঁটাও কষ্টকর। বিদেশিরা নয়, নিজেদের অসচেতনতা ও রাষ্ট্রের নিষ্ক্রিয়তার কারণেই বুড়িগঙ্গাসহ দেশের নদ-নদীগুলো দূষিত হয়েছে।

তিনি বলেন, শুধু বুড়িগঙ্গা নয়, দেশের সব নদ-নদী, সুন্দরবনসহ সব বনাঞ্চল এবং জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর উদ্যোগ নিতে হবে। 
একইসঙ্গে জনগণের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

সেমিনারে সভাপতিত্ব করেন ড. খন্দকার রাশেদুল হক। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জলবায়ু বিশেষজ্ঞ ও সাবেক অতিরিক্ত সচিব ড. ফজলে রাব্বি সাদিক আহমেদ। 

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সামছুল আলম, পরিবেশবিদ অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, আমেরিকান ওয়েলফেয়ার সেন্টারের চেয়ারম্যান মাহবুবুল হক, সিটি ইউনিভার্সিটির ডিন প্রফেসর ড. জুলফিকার হাসানসহ অনেকে।

জেইউ/এমএসএ  

বিজ্ঞাপন