বিজ্ঞাপন

দীর্ঘদিন পর ভ্রমণ ভিসার আবেদন জমা নিচ্ছে ভারত, দেখা যায়নি ভিড়

দীর্ঘদিন পর ভ্রমণ ভিসার আবেদন জমা নিচ্ছে ভারত, দেখা যায়নি ভিড়

দীর্ঘ প্রায় দুই বছর পর বাংলাদেশিদের জন্য ভারতের পর্যটন (ভ্রমণ) ভিসার আবেদন ফরম জমা নেওয়া শুরু করেছে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক)। 

সোমবার (২৯ জুন) সকাল ৯টা থেকে আবেদন গ্রহণ কার্যক্রম শুরু হলেও প্রথম দিনের চিত্রে ভিসা সেন্টারগুলোতে প্রত্যাশিত ভিড় দেখা যায়নি। 

দীর্ঘদিন পর ভ্রমণ ভিসা চালু হওয়ায় আবেদনকারীদের উপচে পড়া উপস্থিতির থাকবে বলে কারো কারো এমন প্রত্যাশা থাকলেও সকালজুড়ে কেন্দ্রে ছিল স্বাভাবিক পরিবেশ।  

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আবেদন গ্রহণ কার্যক্রম নির্বিঘ্নভাবেই চলছে এবং এখন পর্যন্ত আবেদনকারীর উপস্থিতি তুলনামূলক কম।

সোমবার (২৯ জুন) সকালে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) ঘুরে দেখা যায়, কেন্দ্রে আবেদনকারীদের উপস্থিতি ছিল স্বাভাবিক। সেখানে আসা ব্যক্তিদের অধিকাংশই মেডিকেল ভিসার আবেদন ফরম জমা দিতে কিংবা ভিসা সম্পন্ন হওয়ার পর পাসপোর্ট সংগ্রহ করতে এসেছেন। এছাড়া ভারতের রাজধানী দিল্লিতে গিয়ে ইউরোপের বিভিন্ন দেশের দূতাবাসে ভিসার আবেদন করতে আগ্রহী কয়েকজনও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে কেন্দ্রে এসেছেন। তবে পর্যটন (ভ্রমণ) ভিসার আবেদন ফরম জমা দিতে আসা আবেদনকারীর সংখ্যা ছিল তুলনামূলকভাবে খুবই কম।

দীর্ঘদিন পর বাংলাদেশিদের জন্য ভারতের পর্যটন (ভ্রমণ) ভিসার আবেদন গ্রহণ শুরু হওয়ায় ভিসা সেন্টারগুলোতে আবেদনকারীদের উপচে পড়া ভিড় হতে পারে এমন প্রত্যাশা ছিল অনেকের। তবে বাস্তবে সেই চিত্র দেখা যায়নি। সকাল থেকে আবেদন গ্রহণ কার্যক্রম চললেও কেন্দ্রের পরিবেশ ছিল স্বাভাবিক এবং আবেদনকারীদের দীর্ঘ লাইন বা অতিরিক্ত চাপ চোখে পড়েনি। ফলে প্রথম দিনের চিত্রে প্রত্যাশিত ভিড়ের পরিবর্তে ছিল তুলনামূলক ফাঁকা।

ভ্রমণ ভিসার আবেদন করতে আসা ইন্দ্রজিৎ বলেন, দীর্ঘদিন পর ভারতের ভ্রমণ ভিসার আবেদন নেওয়া শুরু হওয়ায় আমরা খুশি। তবে আইভ্যাক যে স্লটভিত্তিক আবেদন জমার ব্যবস্থা করেছে, সেটি দীর্ঘ প্রসেসের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ কারণে আবেদনকারীদের কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে

আরেক আবেদনকারী শফিকুল ইসলাম বলেন, ভ্রমণ ভিসা চালু হওয়াটা অবশ্যই ইতিবাচক খবর। কিন্তু স্লট ব্যবস্থা চালু থাকায় আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া আগের তুলনায় জটিল হয়েছে। এই ব্যবস্থার কারণে অনেককেই অপেক্ষা করতে হচ্ছে, যা আবেদনকারীদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

জানা গেছে, আজ থেকে বাংলাদেশিদের জন্য ভারতের পর্যটন (ভ্রমণ) ভিসার আবেদন গ্রহণ করা হচ্ছে। আবেদনকারীদের আগে অনলাইনে স্লট বুকিং সম্পন্ন করতে হচ্ছে। নির্ধারিত তারিখ ও সময়ে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক)-ল এ উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন ফরম জমা দিতে হবে। আবেদন গ্রহণ কার্যক্রম শুরু হলেও এটি সম্পূর্ণ স্লটভিত্তিক হওয়ায় প্রতিদিন নির্ধারিত সংখ্যক আবেদনই জমা নেওয়া হবে।

এর আগে বাংলাদেশিদের জন্য আবারও পর্যটন ভিসা চালুর ঘোষণা দেয় ভারত। রোববার (২৮ জুন) থেকে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) পর্যটন ভিসার আবেদন গ্রহণ শুরু করেছে। ফলে ভ্রমণপ্রত্যাশীরা নতুন নিয়মে অনলাইনে আবেদন করে পুনরায় ভারতে ভ্রমণের সুযোগ পেলেন।

প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভ্যাক) মাধ্যমে পর্যটন ভিসার আবেদন জমা দেওয়া যাবে। পরবর্তী সময়ে দেশের অন্যান্য শহরের আইভ্যাক কেন্দ্রেও এ সেবা চালু করা হবে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার।

এর আগে বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর ভারতীয় ভিসা সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশে নিযুক্ত ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী পর্যটন ভিসা পুনরায় চালুর ঘোষণা দেন। তিনি জানান, দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশি নাগরিকদের জন্য প্রায় সব ধরনের নিয়মিত ভিসা ইস্যু স্থগিত করে ভারত। একই সঙ্গে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় দেশজুড়ে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোর কার্যক্রম।

পরে আগস্টের শেষ দিকে সীমিত পরিসরে পাসপোর্ট ফেরত দেওয়া শুরু হলেও পর্যটন ভিসা চালু হয়নি। এ সময় শুধুমাত্র জরুরি প্রয়োজন বিবেচনায় মেডিক্যাল, ব্যবসায়িক, শিক্ষার্থী ও সরকারি কিছু ক্যাটাগরির ভিসা ইস্যু করা হচ্ছিল।

এমএসি/এমএসএ  

 

বিজ্ঞাপন