ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত ও দুর্নীতির বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতির অংশ হিসেবে দুই কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে ভূমি মন্ত্রণালয়। দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় একজনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, আর অপরজনকে বেতন গ্রেডের এক ধাপ নিচে অবনমিত করা হয়েছে।
সোমবার (২৯ জুন) ভূমি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে এবং দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি বজায় রাখতে ভূমি মন্ত্রণালয় কঠোর ভূমিকা পালন করছে। এরই ধারাবাহিকতায় অসদাচরণ ও দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতাধীন দুই কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর মধ্যে, ২৫/২৫ নম্বর বিভাগীয় মামলায় রংপুর সদরের সাবেক কপিস্ট কাম বেঞ্চ সহকারী (বর্তমান কর্মস্থল : উপজেলা সেটেলমেন্ট অফিস, বেড়া, পাবনা) মুহাম্মদ ওয়াহিদুজ্জামান-এর বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
অন্যদিকে, ২৪/২৫ নম্বর বিভাগীয় মামলায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলা সেটেলমেন্ট অফিসের রেকর্ড কিপার রেজভীন আখতারের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে বেতন গ্রেডের এক ধাপ নিচে অবনমিতকরণ-এর লঘু দন্ড দেওয়া হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভূমি সেবাকে হয়রানীমুক্ত ও দুর্নীতিমুক্ত হিসেবে আরও জনকল্যাণমুখী হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের অধীনস্ত কর্মকর্তা-কর্মচারীদের যে কোনো রকমের অনিয়ম প্রতিরোধের ক্ষেত্রে মন্ত্রণালয়ের কঠোর অবস্থান বজায় থাকবে।
এসএইচআর/এমএসএ
