বিজ্ঞাপন

সরকারি হাসপাতালে র‍্যাবের অভিযান, ১২ জনকে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা

সরকারি হাসপাতালে র‍্যাবের অভিযান, ১২ জনকে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা

রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে সক্রিয় দালালচক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১২ জনকে আটক করেছে র‍্যাব-২। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (২৯ জুন) বেলা ১১টা ১৫ মিনিটে শেরেবাংলা নগর থানাধীন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 

র‍্যাব-২ এর সিপিসি-২ এর উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিম উদ্দিন আহমেদ। 

অভিযানে আটক মো. মশরীফ ও মো. হোসেনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া মো. আলামিন, মো. রায়হান, মো. আল আমিন এবং মো. মাকসুদকে ৭ দিন করে, গোলাম রাব্বিকে ৫ দিন এবং বাবলুকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। 

অন্যদিকে মো. আমিনুল ইসলাম, নজিবুর ইসলাম লালু, মোকাররম এবং শেখ মনিকে ১ হাজার টাকা করে অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

র‍্যাব সূত্র জানায়, হাসপাতালকেন্দ্রিক দালালচক্রের অপতৎপরতা রোধ, রোগী ও তাদের স্বজনদের হয়রানি বন্ধ এবং স্বাস্থ্যসেবা গ্রহণে অনুকূল পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। 

র‍্যাব আরও জানায়, সরকারি হাসপাতালগুলোতে দালালচক্রের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসএএ/এমএসএ