বিজ্ঞাপন

৯৯৯-এ ফোন পেয়ে মীরসরাই থেকে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৫

৯৯৯-এ ফোন পেয়ে মীরসরাই থেকে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৫

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোনকলের ভিত্তিতে অভিযান চালিয়ে চট্টগ্রামের মীরসরাই থেকে অপহৃত এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন নাজমুল হাসান (৩২), শাকিব (২৪), মুসলিম (৩০), মো. মোরশেদ আলম (৪০) এবং রাহাত হোসেন (২২)।

সোমবার (২৯ জুন) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এসব তথ্য জানান।

তিনি জানান, সোমবার ভোর ৬টার দিকে চট্টগ্রামের জোরারগঞ্জের মহাস্থানগর বিশ্বরোড এলাকা থেকে ৯৯৯ নম্বরে ফোন করে এক ব্যক্তি জানান, তার ভাই জসিম উদ্দিন (৩০) রোববার (২৮ জুন) অপহরণের শিকার হয়েছেন। অপহরণকারীরা প্রথমে ৩০ লাখ টাকা, পরে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এরই মধ্যে তিনি অপহরণকারীদের দেওয়া একটি বিকাশ নম্বরে ২০ হাজার টাকা পাঠিয়েছেন।

আনোয়ার সাত্তার বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ৯৯৯ থেকে বিষয়টি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য জোরারগঞ্জ থানাকে জানানো হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান মীরসরাই থানা এলাকায় শনাক্ত হলে বিষয়টি মীরসরাই থানাকে অবহিত করা হয়।

তিনি আরও বলেন, মীরসরাই থানার এসআই শাহীন আহমেদ নয়নের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে মিঠাছড়া বাজার এলাকা থেকে আহত অবস্থায় অপহৃত জসিম উদ্দিনকে উদ্ধার করে। একই অভিযানে অপহরণের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

আনোয়ার সাত্তার বলেন, উদ্ধার হওয়া জসিম উদ্দিনকে চিকিৎসার জন্য স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এমএসি/এমএন