রাজধানীর গেন্ডারিয়া এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ মো. তৈয়ব তাহের উদ্দিন (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৯ জুন) ভোর ৪টা ৪০ মিনিটের দিকে গেন্ডারিয়া থানার মুরগিটোলা রোড এলাকায় ব্র্যাক ব্যাংকের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির ওয়ারী বিভাগের একটি বিশেষ টিম গেন্ডারিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মো. তৈয়ব তাহের উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, জব্দ হওয়া এসব ইয়াবা রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে। মাদক কারবারের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
ডিএমপির এই কর্মকর্তা জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে গেন্ডারিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে সোপর্দসহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এসএএ/এমএন
