দেশের বিভিন্ন স্থান থেকে জুন মাসের বিদ্যুৎ বিল অন্যান্য মাসের তুলনায় বেশি আসার অভিযোগ পাওয়ার পর তা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিতরণ সংস্থা ও কোম্পানিগুলোকে নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। একইসঙ্গে অভিযোগ নিষ্পত্তিতে গ্রাহকদের সরাসরি বা হটলাইনে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
সোমবার (২৯ জুন) সরকারি এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।
তথ্যবিবরণীতে বলা হয়, বিদ্যুতের গ্রাহক পর্যায়ে সাম্প্রতিক সময়ে অন্যান্য মাসের তুলনায় জুন মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিল পরিলক্ষিত হচ্ছে মর্মে অভিযোগ বিভিন্ন সূত্র থেকে জানা যায়।
এতে জানানো হয়, গ্রাহক হয়রানি লাঘবের জন্য অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয়টি যথাযথভাবে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য বিদ্যুৎ বিতরণ সংস্থা বা কোম্পানিগুলোকে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। এজন্য গ্রাহকদেরকে অতিরিক্ত বিল সংক্রান্ত বিষয়ে বিদ্যুৎ বিতরণ সংস্থা বা কোম্পানিগুলোর সাথে সরাসরি অথবা এর আগে দেওয়া হটলাইনে যোগাযোগ করার জন্য বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে।
এসএইচআর/জেডএস
