ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে ব্রাজিল-জাপান লড়াই ঘিরে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় বিরাজ করছিল উৎসবমুখর পরিবেশ। প্রিয় দলের জার্সি গায়ে, হাতে পতাকা আর মুখে নানা স্লোগানে এলাকাটিকে সরব করে তোলেন ফুটবলপ্রেমীরা। এর মধ্যেই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার সমর্থকদের উদ্দেশে ব্রাজিল সমর্থকদের গাওয়া একটি স্লোগান বিশেষভাবে সবার নজর কেড়েছে—‘যারা বলে সেভেন আপ, জাপান তাদের নতুন বাপ।’
সোমবার (২৯ জুন) রাতে টিএসসি এলাকায় জড়ো হতে থাকেন ব্রাজিল ও আর্জেন্টিনার শত শত সমর্থক। ম্যাচ শুরুর আগেই দুই দলের সমর্থকদের মধ্যে চলে হাস্যরসাত্মক খুনসুটি ও স্লোগান-পাল্টা স্লোগান। ব্রাজিল সমর্থকদের একটি অংশ আর্জেন্টিনার সমর্থকদের উদ্দেশ করে উল্লিখিত স্লোগানটি দিতে থাকে, যা মুহূর্তেই উপস্থিত দর্শকদের মধ্যে আলোচনার বিষয় হয়ে ওঠে।
টিএসসিতে উপস্থিত ব্রাজিল সমর্থকদের দাবি, জাপানের বিপক্ষে নিজেদের দলের জয় নিয়ে তারা দারুণ আত্মবিশ্বাসী। সেই আত্মবিশ্বাসের বহিঃপ্রকাশ হিসেবেই এমন স্লোগান দিচ্ছেন তারা। এর বাইরেও আর্জেন্টিনার সমর্থকদের উদ্দেশে ব্রাজিল সমর্থকেরা বলতে থাকেন, ‘ফাইভ স্টার চিনিস না, চুরির কাপ দেখাইস না’ এবং ‘থ্রি পিস থ্রি-পিস’। পাশাপাশি ‘আর্জেন্টিনা গুপ্ত গুপ্ত’ স্লোগানও দিতে থাকেন তারা। অবশ্য আর্জেন্টিনার সমর্থকেরাও নানা স্লোগান ও মন্তব্যের মাধ্যমে এসবের জবাব দেন। ব্রাজিলিয়ান সমর্থকেরা আশা প্রকাশ করেন, এই ম্যাচে তাদের দল ৩-০ গোলে জয়লাভ করবে।
ম্যাচ ঘিরে দুই দলের সমর্থকদের মধ্যে একধরনের উত্তেজনা থাকলেও সার্বিক পরিবেশ ছিল সম্পূর্ণ উৎসবমুখর। কেউ ছবি তুলেছেন, কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ করেছেন, আবার কেউবা দল বেঁধে প্রিয় দলের পক্ষে গান ও স্লোগান দিয়েছেন। বিশ্বকাপ এলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ফুটবলপ্রেমীদের অন্যতম মিলনমেলায় পরিণত হয়। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। ব্রাজিল-জাপান ম্যাচ ঘিরে সমর্থকদের এমন উচ্ছ্বাস, স্লোগান ও প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে ওঠে পুরো টিএসসি এলাকা।
এসএএ/বিআরইউ
