বিশ্বকাপের নকআউট পর্বে জাপানকে হারিয়ে রাউন্ড অব ১৬-এ জায়গা করে নেওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে উচ্ছ্বাসে ফেটে পড়েন ব্রাজিল সমর্থকরা। ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে সবুজ-হলুদ পতাকা হাতে শতাধিক সমর্থক টিএসসিতে জড়ো হয়ে বিজয় উদযাপন করেন।
সোমবার (২৯ জুন) রাতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই ব্রাজিলের আক্রমণাত্মক ফুটবল সমর্থকদের মধ্যে বাড়তি উত্তেজনা তৈরি করে। ম্যাচ শেষে জয়ের আনুষ্ঠানিকতা নিশ্চিত হওয়ার পর টিএসসি এলাকাজুড়ে শুরু হয় আনন্দ মিছিল, স্লোগান এবং উল্লাস।

ব্রাজিলের জার্সি গায়ে একদল তরুণকে 'ব্রাজিল, ব্রাজিল' ধ্বনি দিতে দেখা যায়। কেউ জাতীয় পতাকা কাঁধে জড়িয়ে নাচতে থাকেন, আবার কেউ মোবাইল ফোনে লাইভে এসে সামাজিক যোগাযোগমাধ্যমে সেই মুহূর্তগুলো তুলে ধরেন। মোটরসাইকেল ট্রাক প্রাইভেটকার নিয়ে টিএসসি এলাকায় ব্রাজিল সমর্থকরা আনন্দ মিছিল করেন।
টিএসসিতে উপস্থিত ব্রাজিল সমর্থক হামিম বলেন, জাপান খুবই শক্ত প্রতিপক্ষ ছিল। তবে আমরা বিশ্বাস করতাম ব্রাজিল জিতবেই। এই জয় আমাদের জন্য অনেক আনন্দের। এখন লক্ষ্য বিশ্বকাপ ট্রফি।

আরেক সমর্থক নুসরাত বলেন, টিএসসিতে এসে খেলা দেখার আলাদা একটা অনুভূতি আছে। ব্রাজিল জেতার পর মনে হয়েছে যেন পুরো ক্যাম্পাসই উৎসবের নগরীতে পরিণত হয়েছে। নির্ধারিত সময় শেষ হওয়ার পরে শেষ মুহূর্তেই জালে বল জড়িয়ে দেয় ব্রাজিল। মুহূর্তেই ভক্তদের আনন্দ উল্লাস ছড়িয়ে পড়ে চারদিকে।
ব্রাজিলের আরেক সমর্থক আব্দুর রহিম জানান, ব্রাজিল আজকে যে নতুনের সঙ্গে খেলেছে, সেটা ছিল অত্যন্ত আক্রমণাত্মক এবং নৈপুণ্য। আজকে এই শক্তিশালী দল জাপানের সঙ্গে খেলা দেখে আমি মুগ্ধ। ব্রাজিল শুরু থেকে যে আক্রমণাত্মক রক্ষণভাগে খেলেছিল, তাতে অন্তত দশটি গোল হওয়ার কথা ছিল।
এসএএ/বিআরইউ

