বিজ্ঞাপন

চাঁদা না দেওয়ায় পটিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম

চাঁদা না দেওয়ায় পটিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম

চট্টগ্রামের পটিয়ায় চাঁদা না দেওয়ায় মো. মামুন সিকদার (৫০) নামে এক বিএনপি নেতার ওপর অতর্কিত হামলা ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।

সোমবার (২৯ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার ছনহরা ইউনিয়নের কিরিঞ্জা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। আহত মামুন সিকদার ছনহরা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক বলে জানা গেছে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, মামুন সিকদার আনোয়ারা খাল থেকে নৌকায় (বোটে) বালু এনে ছনহরা এলাকায় ব্যবসা করে আসছেন। সোমবার দুপুরে বালুভর্তি একটি বোট নিয়ে আসার পর আশিয়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী মো. সোহেল তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। মামুন সিকদার চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সোহেল ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।

অভিযোগে বলা হয়, হামলাকারীরা তাকে বেদম মারধর করে এবং একপর্যায়ে ধারালো কিরিচ দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

আহত মামুন সিকদার বলেন, আমি বৈধভাবে বালুর ব্যবসা করে আসছি। সোমবার সন্ত্রাসীরা আমার কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা আমার ওপর হামলা চালায়। আমি পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, বিএনপি নেতাকে মারধরের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমআর/বিআরইউ