নতুন রোটারি বর্ষ (২০২৬-২৭) উপলক্ষ্যে দেশব্যাপী এক লাখ বৃক্ষরোপণ, ইয়ার লঞ্চিং র্যালি, জোনাল লার্নিং সেমিনার, ফেলোশিপ কার্যক্রম এবং বিভিন্ন মানবিক উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা ঘোষণা করেছে রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৬৪ ও ৬৫, বাংলাদেশ।
মঙ্গলবার (৩০ জুন) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মপরিকল্পনা তুলে ধরেন কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি ড. ইশতিয়াক জামান।
তিনি বলেন, ‘ইউনাইট ফর গুড’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশের রোটারি ক্লাবগুলো মৌলিক শিক্ষা, মা ও শিশু স্বাস্থ্য, রোগ প্রতিরোধ, পরিবেশ সংরক্ষণ, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এবং শান্তি প্রতিষ্ঠাসহ রোটারির সাতটি অগ্রাধিকার খাতে হাজারো মানবিক সেবামূলক প্রকল্প বাস্তবায়ন করেছে। পোলিও নির্মূলে রোটারিয়ানরা পোলিওপ্লাস তহবিলে রেকর্ড পরিমাণ অবদান রেখে বিশ্বব্যাপী পোলিওমুক্ত পৃথিবী গড়ার উদ্যোগকে আরও শক্তিশালী করেছেন।
তিনি আরও বলেন, গত এক বছরে বার্ষিক সম্মেলন, আইএলটিএস, জোনাল লার্নিং সেমিনার, ঈদ পুনর্মিলনী, ইফতার, রিভার ক্রুজ, পহেলা বৈশাখ উদযাপন এবং অনলাইন টাউন হলসহ বিভিন্ন কর্মসূচিতে হাজারো রোটারিয়ানের অংশগ্রহণ ক্লাবগুলোর সক্ষমতা বৃদ্ধি, জ্ঞান বিনিময় এবং পারস্পরিক সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি বলেন, পাবলিক ইমেজ টিম গণমাধ্যম, ডিজিটাল প্রচারণা ও সামাজিক উদ্যোগের মাধ্যমে রোটারির কার্যক্রমকে আরও বিস্তৃত পরিসরে তুলে ধরেছে। রোটারি মান্থলি নিউজলেটার (আরএমএন) নিয়মিতভাবে ক্লাবগুলোর কার্যক্রম প্রকাশ করে সদস্যদের মধ্যে যোগাযোগ আরও শক্তিশালী করেছে। এছাড়া প্রায় ২০০টি গাড়ির অংশগ্রহণে আয়োজিত ‘রোটারি পাবলিক ইমেজ রোড শো’ ছিল জনসংযোগ কার্যক্রমের অন্যতম বৃহৎ আয়োজন।
তিনি বলেন, ‘ইউনাইট ফর গুড অ্যাওয়ার্ডস-২০২৬’ এর মাধ্যমে সেরা রোটারি ক্লাব, ইউনিট প্রেসিডেন্ট, অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর এবং রিপসা টিমের সদস্যদের সম্মাননা দেওয়া হয়েছে। পাশাপাশি রোটার্যাক্ট ও ইন্টার্যাক্ট সদস্যদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে যুব নেতৃত্ব বিকাশেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
ইশতিয়াক জামান বলেন, নতুন রোটারি বর্ষে দেশব্যাপী ইয়ার লঞ্চিং র্যালি, এক লাখ বৃক্ষরোপণ মিশন, কলার হ্যান্ডওভার অনুষ্ঠান, জোনাল লার্নিং সেমিনার, ফেলোশিপ কার্যক্রম, বিভিন্ন সেমিনার ও মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা হবে। এ সময় ক্লাব শক্তিশালীকরণ, সদস্য বৃদ্ধি, জনসংযোগ সম্প্রসারণ এবং টেকসই সামাজিক প্রভাব সৃষ্টি হবে প্রধান লক্ষ্য।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চেয়ার রোটারিয়ান আবুল খায়ের চৌধুরী, রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৬৪ ও ৬৫, ডেপুটি কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি এ কে এম শামসুল হুদা, কো-অর্ডিনেটর অ্যাডমিন (ডি-৬৪) পিপি এম. মাহমুদুল হাসান, হোস্ট ক্লাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির এবং রিপসা টিমের অন্যান্যরা।
এমএইচএন/জেআই/জেডএস
