বিজ্ঞাপন

সন্ধ্যা ৭টার মধ্যে ১২ জেলায় বজ্রপাতের শঙ্কা, সতর্ক থাকার পরামর্শ

সন্ধ্যা ৭টার মধ্যে ১২ জেলায় বজ্রপাতের শঙ্কা, সতর্ক থাকার পরামর্শ

ঢাকাসহ দেশের ১২ জেলার কিছু এলাকায় আজ সন্ধ্যা ৭টার মধ্যে ঝড়ো হাওয়াসহ বজ্রপাত, বজ্রবৃষ্টি ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় বজ্রধ্বনি শোনা গেলে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরকে প্রযুক্তিগত সহায়তা দেওয়া সংস্থা রিজিওনাল ইন্টিগ্রেটেড মাল্টি-হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সিস্টেম (রাইমস) এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, বগুড়া, জামালপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, মানিকগঞ্জ, টাঙ্গাইল, সাতক্ষীরা, দিনাজপুর, গাজীপুর, খুলনা, পঞ্চগড় ও ঢাকা জেলার কিছু স্থানে সন্ধ্যা ৭টার মধ্যে ঝড়ো হাওয়াসহ বজ্রপাত, বজ্রবৃষ্টি অথবা বৃষ্টি হতে পারে।

এ পরিস্থিতিতে সম্ভাব্য ঝুঁকি এড়াতে বজ্রধ্বনি শোনা গেলে ঘরের বাইরে না যাওয়ার পাশাপাশি খোলা জায়গায় অবস্থান না করা এবং ঝুঁকিপূর্ণ কার্যক্রম থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে রাইমস।

সংস্থাটির আবহাওয়া বিশেষজ্ঞ গোলাম রাব্বানী বলেন, বজ্রপাতের সময় ঘরের বাইরে কোনো স্থানই পুরোপুরি নিরাপদ নয়। সর্বশেষ বজ্রধ্বনি শোনার পরও অন্তত ৩০ মিনিট ঘরের ভেতরে অবস্থান করা উচিত। আকাশে কালো মেঘ দেখা গেলে বা বজ্রপাতের শব্দ শোনা গেলে ধান কাটা, মাছ ধরা, খেলাধুলাসহ খোলা জায়গার সব ধরনের কার্যক্রম বন্ধ করে দ্রুত নিরাপদ স্থানে চলে যেতে হবে।

একইসঙ্গে বাড়ির ভেতরে অবস্থান করলে ছাদ, দরজা–জানালার কাছে থাকা বা জানালার গ্রিল স্পর্শ না করার পরামর্শও দিয়েছেন তিনি।

আরএইচটি/এমএন