চট্টগ্রাম নগরের সদরঘাট থানা পুলিশের অভিযানে এস.এম. রিয়াজ উদ্দিন চৌধুরী (৪২) নামে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার দিবাগত রাতে সদরঘাট থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী আন্দোলনকে ঘিরে করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার এস.এম. রিয়াজ উদ্দিন চৌধুরী বাঁশখালী উপজেলার বৈলছড়ি এলাকার বাসিন্দা। তিনি অনলাইনে বিভিন্ন মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ দলের নেতাকর্মীদের সক্রিয় করার চেষ্টা করছিলেন। তার ব্যবহৃত মোবাইল ফোন পর্যালোচনায় কয়েকটি হোয়াটসঅ্যাপ গ্রুপে তার সদস্য থাকার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে বাংলাদেশ ছাত্রলীগ সাবেক ও বর্তমান, বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ নামের গ্রুপ রয়েছে।
গ্রেপ্তার রিয়াজ উদ্দিন চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল ছাত্রলীগের (২০০৯-২০১২) সভাপতি এবং কেন্দ্রীয় ছাত্রলীগের (২০১২-২০১৪) সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
এ ছাড়া, তিনি যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির আন্তর্জাতিক বিষয়ক সদস্য ছিলেন।
এমআর/এসএএস
