বিজ্ঞাপন

চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযানে বিদেশি মদ, বিয়ার ও সিগারেট জব্দ

চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযানে বিদেশি মদ, বিয়ার ও সিগারেট জব্দ

চট্টগ্রামের পতেঙ্গায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ, বিয়ার ও সিগারেট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৫৩ লাখ ৬১ হাজার টাকা।

বাংলাদেশ কোস্ট গার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (২৯ জুন) দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা থানার চরপাড়া ঘাট এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা একটি বিশেষ অভিযান চালান। অভিযানের সময় ওই এলাকায় তল্লাশি চালিয়ে বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে খালাস করা বিপুল পরিমাণ বিদেশি মদ, বিয়ার ও তামাকজাত পণ্য জব্দ করা হয়।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ১ হাজার ৭৬৫ ক্যান বিদেশি বিয়ার, ৭৪ বোতল ভদকা, ৮৮ বোতল হুইস্কি এবং ৪ হাজার ৮০০ শলাকা বিদেশি সিগারেট।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, অভিযানের সময় মাদক ও চোরাচালান কারবারিরা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। ফলে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মাদকদ্রব্য ও সিগারেটের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এসএএস/এনএফ