যে সব প্রবাসী কর্মীর ওয়ার্ক পারমিটের (রুখসা আমল) মেয়াদ শেষ হওয়ার পর ১২ মাসের বেশি সময় পার হয়েছে, এবং যারা সৌদি আরবে নতুন আগমন বা কোনো প্রতিষ্ঠানে পরিবর্তনের (ট্রান্সফার) পর ৬ মাসের মধ্যেও ওয়ার্ক পারমিট পাননি, তাদের চলতি পঞ্জিকা বছরের মধ্যেই ওয়ার্ক পারমিট ইস্যু বা নবায়ন সম্পন্ন করতে হবে।
সোমবার (৩০ জুন) সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের বরাত দিয়ে রিয়াদের বাংলাদেশ দূতাবাস এই তথ্য জানিয়েছেন।
মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শ্রম আইন মেনে চলার সংস্কৃতি জোরদারকরণ, নিয়োগকর্তা ও কর্মীর মধ্যে পারস্পরিক চুক্তিভিত্তিক অধিকার সংরক্ষণ এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠান ও কর্মীদের আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি শ্রমবাজারের আইন ও নিয়ম মেনে চলার প্রবণতা আরও উন্নত করার প্রচেষ্টার অংশ হিসেবে, বিশেষত অনেক প্রতিষ্ঠান ও কর্মী ইতোমধ্যে তাদের ওয়ার্ক পারমিট ইস্যু/নবায়নের উদ্যোগ গ্রহণ করায় এই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।
মন্ত্রণালয় সব প্রতিষ্ঠান ও কর্মীদের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পূর্বেই ওয়ার্ক পারমিট ইস্যু/নবায়ন করার জন্য দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী নির্ধারিত ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে সতর্ক করা হয়েছে।
এনআই/এমএন
