বিজ্ঞাপন

সিডিএর অভিযানে ৮ স্থাপনা সিলগালা, জরিমানা ১৩ লাখ টাকা

সিডিএর অভিযানে ৮ স্থাপনা সিলগালা, জরিমানা ১৩ লাখ টাকা

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) নগরীর বাকলিয়ার কল্পলোক আবাসিক এলাকায় অবৈধ ও নকশাবহির্ভূত ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান চালিয়ে আটটি স্থাপনা সিলগালা করেছে। একই সঙ্গে তিন ভবন মালিককে মোট ১৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) সিডিএর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।

সিডিএ জানায়, অভিযানে কল্পলোক আবাসিক এলাকার নির্মাণাধীন ভবনগুলো পরিদর্শন করে বাধ্যতামূলক সেটব্যাক না রাখা, অনুমোদিত নকশা থেকে বিচ্যুতি এবং অন্যান্য অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এসব অভিযোগে মোট ১১টি স্থাপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

ইমারত নির্মাণ আইন, ১৯৫২-এর ধারা ১২(১) অনুযায়ী নকশাবহির্ভূতভাবে নির্মিত সাতটি বহুতল ভবন এবং একটি অনুমোদনহীন গুদাম সিলগালা করা হয়। একই সঙ্গে সিলগালা করা স্থাপনাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এ ছাড়া তিন ভবন মালিককে মোট ১৩ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাদের এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

সিডিএর চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, কোনো অবস্থাতেই নকশাবহির্ভূত ভবন নির্মাণ করা যাবে না। নগরবাসীকে নিয়ম মেনে ভবন নির্মাণের আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় আইন অনুযায়ী অবৈধ স্থাপনা অপসারণে সিডিএ বাধ্য হবে।

তিনি আরও বলেন, পরিকল্পিত, নিরাপদ ও বাসযোগ্য নগর গড়ে তুলতে নকশাবহির্ভূত নির্মাণের বিরুদ্ধে সিডিএ 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করছে। এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।

অভিযানকালে সিডিএর অথরাইজড অফিসার-২ কাজী কাদের নেওয়াজ, সহকারী অথরাইজড অফিসার আসাদ বিন আনোয়ার, সহকারী অথরাইজড অফিসার ফারুক আহাম্মদসহ সংশ্লিষ্ট ইমারত পরিদর্শকরা উপস্থিত ছিলেন।

আরএমএন/বিআরইউ