চট্টগ্রাম জেলার বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ। সভায় ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং আসন্ন পূজা উদযাপনকে ঘিরে নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
বুধবার (১ জুলাই) দুপুরে জেলা পুলিশের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম বলেন, বাংলাদেশ পুলিশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের সমান নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা এবং নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের পরিবেশ নিশ্চিত করতে জেলা পুলিশ সব সময় পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।
এসপি মাসুদ আলম প্রতিটি পূজামণ্ডপে নিজস্ব নিরাপত্তা-ব্যবস্থা আরও জোরদার করার আহ্বান জানান। তিনি মানসম্মত সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং সেগুলো সার্বক্ষণিক সচল রাখার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সঙ্গে নিয়মিত সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্ব দেন।
এ ছাড়া, গুজব ও অপপ্রচার প্রতিরোধে সচেতন ভূমিকা পালন, স্বেচ্ছাসেবকদের সক্রিয় রাখা এবং যেকোনো পরিস্থিতিতে ধৈর্য ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তিনি। তার ভাষ্য, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের জানমাল ও উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের অন্যতম দায়িত্ব।
সভার শুরুতে জেলা ও উপজেলা পর্যায়ের পূজা উদযাপন কমিটির নেতারা নিজ নিজ এলাকার পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি, বিদ্যমান সমস্যা এবং নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন। তারা আইনশৃঙ্খলা রক্ষা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে চট্টগ্রাম জেলা পুলিশের ভূমিকার প্রশংসা করেন।
সভায় অংশ নেওয়া নেতারা ও পুলিশ কর্মকর্তারা আশা প্রকাশ করেন, পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে ভবিষ্যতেও জেলার সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ন রেখে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সম্ভব হবে।
এসএএস/এসএম
