পূর্বাচল নতুন শহর প্রকল্পকে দ্রুত পূর্ণাঙ্গ ও বাসযোগ্য নগরীতে রূপ দিতে নগরায়ণ কার্যক্রমে গতি আনার উদ্যোগ নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
বুধবার (১ জুলাই) রাজউক সভাকক্ষে পূর্বাচল নতুন শহর প্রকল্পে নগরায়ণ ত্বরান্বিতকরণ বিষয়ে এক মতবিনিময় সভায় বিষয়টি তুলে ধরা হয়।
রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সহ রাজউকের প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভায় প্রাতিষ্ঠানিক ক্যাটাগরিতে শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের জন্য বরাদ্দপ্রাপ্ত প্লট গ্রহীতারা ও প্রতিনিধিরা অংশগ্রহণ করে প্রকল্প বাস্তবায়ন, অবকাঠামোগত সুবিধা ও ইউটিলিটি সংযোগসহ বিভিন্ন বিষয়ে মতামত দেন।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পূর্বাচল নতুন শহর প্রকল্পকে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গভাবে বাসযোগ্য করে গড়ে তুলতে হবে। পূর্বাচলকে এমন একটি আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলা হচ্ছে, যেখানে ভবিষ্যৎ প্রজন্ম দীর্ঘমেয়াদে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবে।
তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালগুলো স্থাপিত হলে জনসাধারণের বসবাসে আগ্রহ বাড়বে। এ লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট সবাইকে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দ্রুত সময়ের মধ্যে নিজ নিজ স্থাপনার নির্মাণকাজ শুরু করার আহ্বান জানান।
প্রতিমন্ত্রী আরও বলেন, পূর্বাচলকে একটি আদর্শ নগরী হিসেবে গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। এ ক্ষেত্রে মন্ত্রণালয় ও রাজউক সর্বাত্মক সহযোগিতা দিবে।
এ সময় রাজউক চেয়ারম্যান পূর্বাচল নতুন শহর প্রকল্পে পরিকল্পিত ও দ্রুত নগরায়ণ নিশ্চিত করতে কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এএসএস/এসএএস
