রাজধানীর গুলশানে অনুমোদন ও ছাড়পত্রবিহীন স্টোরেজ ওয়াটার হিটার বা গিজার বিক্রির দায়ে হায়ার বাংলাদেশ লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
গত রোববার (২৮ জুন) বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। অভিযানে সহায়তা করেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।
বিএসটিআই জানায়, দীর্ঘদিন ধরে বিএসটিআইয়ের কোনো বৈধ মানসনদ (সিএম লাইসেন্স) ছাড়াই গিজার বিক্রি করছিল গুলশান অ্যাভিনিউয়ে অবস্থিত হায়ার বাংলাদেশ লিমিটেড। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং বাজারে মানসম্মত ইলেকট্রনিকস পণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে বলে জানায় সংস্থাটি। এছাড়া জনস্বার্থে নিম্নমানের ও অনুমোদনবিহীন পণ্যের বিরুদ্ধে দেশব্যাপী বিএসটিআইয়ের নজরদারি এবং ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় ভোক্তাদের যেকোনো ইলেকট্রনিকস বা নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার আগে বিএসটিআইয়ের অনুমোদিত স্ট্যান্ডার্ড মার্ক যাচাই করে কেনার আহ্বান জানানো হয়।
ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের সহকারী পরিচালক (সিএম) মোহাম্মদ মাজহারুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম) এএনএম ফরহাদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম) আজমির খান ও ঢাকার পরিদর্শক (মেট্রোলজি) মো. নূরুল ইসলাম।
এমআরআর/জেডএস
