রাজধানীর চকবাজারের কামালবাগ এলাকায় পলিথিন কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সাইফুল (৩২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (১ জুলাই) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সাইফুলের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ থানা এলাকায়। তার বাবার নাম সুলতান হাওলাদার। বর্তমানে চকবাজারের কামাল বাগ পলিথিন কারখানায় থাকতেন সাইফুল।
তাকে হাসপাতালে নিয়ে আসা খোকন জানান, নিহত সাইফুল পলিথিন কারখানার শ্রমিকের কাজ করতো। গত রাতে কারখানায় মেশিনের কাজ করার সময় বিদ্যুৎ স্পর্শে অচেতন হয়ে পড়ে সাইফুল। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
এসএএ/জেডএস
