বিজ্ঞাপন

জুনে ৭৫ ড্রাইভিং লাইসেন্সের ৭৮ পয়েন্ট কাটল বিআরটিএ

জুনে ৭৫ ড্রাইভিং লাইসেন্সের ৭৮ পয়েন্ট কাটল বিআরটিএ

সড়ক পরিবহন আইন, ২০১৮ ভঙ্গকারী মোটরযান চালকদের বিরুদ্ধে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট কর্তন কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বিআরটিএ-এর অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, গত জুন মাসে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে ৭৫টি ড্রাইভিং লাইসেন্সের বিপরীতে মোট ৭৮ পয়েন্ট কর্তন করা হয়েছে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে সবাই আইন মেনে চলুন। 

এর আগে গত শুক্রবার (২৬ জুন) বিআরটিএর এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী মোটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্সের জন্য বরাদ্দকৃত পয়েন্ট ১২। আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের কারণে অর্থদণ্ড বা কারাদণ্ড কিংবা উভয় দণ্ডের পাশাপাশি চালকের ড্রাইভিং লাইসেন্স থেকে অতিরিক্ত হিসেবে দোষসূচক (ডিমেরিট) পয়েন্ট কর্তনের বিধান রয়েছে।

এ বিধান বাস্তবায়নে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ‘রোড সেফটি পেনাল্টি সিস্টেম’ (আরএসপিএস) অ্যাপের মাধ্যমে অপরাধী চালকদের ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট কর্তন করছে। মোটরযান চালকদের বিদ্যমান আইন ও বিধিমালা যথাযথভাবে অনুসরণ করে যানবাহন চালানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হলো।

/এমএইচএন/এমএসএ 

বিজ্ঞাপন