চট্টগ্রামের মিরসরাইয়ে প্রেমের সম্পর্কের পর বিয়ে হওয়া এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহতের পরিবারের অভিযোগ, দীর্ঘদিনের শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে তিনি আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। গত মঙ্গলবার (৩০ জুন) রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পূর্ব রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম নুসরাত জাহান রিয়া (১৭)। এ ঘটনায় তার ভাই মো. মোজাম্মেল হোসেন রানা বাদী হয়ে জোরারগঞ্জ থানায় একটি মামলা করেছেন। মামলায় রিয়ার স্বামী ফরহাদুল ইসলাম রিফাত (২০), তার বোনসহ চারজনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর প্রায় ছয় মাস আগে রিফাতের সঙ্গে রিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিসহ বিভিন্ন পারিবারিক বিষয়কে কেন্দ্র করে শ্বশুরবাড়ির সদস্যরা তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে রিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
পুলিশ জানায়, ঘটনার পর রিয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যায় প্ররোচনার মামলার প্রধান আসামি রিফাতকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল হালিম ঢাকা পোস্টকে বলেন, আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি ফরহাদুল ইসলাম রিফাতকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে। তদন্তে অন্য আসামিদের সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমআর/এসএএস/বিআরইউ
