চট্টগ্রামের পটিয়ায় একটি কবরস্থান থেকে অচেতন অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীকে (২৮) উদ্ধার করেছে স্থানীয়রা। পরে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ১২টার দিকে পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ল্যাংগার দোকান সংলগ্ন কবরস্থান থেকে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধারের সময় ওই নারীর পাশ থেকে একটি বিষের বোতল উদ্ধার করা হয়। তবে এটি আত্মহত্যার চেষ্টা, নাকি অন্য কোনো অপরাধমূলক ঘটনার অংশ তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু তৈয়ব জানান, প্রাথমিকভাবে ওই নারীর শরীরে বিষক্রিয়া বা বিষপানের কোনো সুস্পষ্ট আলামত পাওয়া যায়নি। যদিও তার পাশ থেকে বিষের বোতল উদ্ধার করা হয়েছে, তবুও শরীরে বিষক্রিয়ার লক্ষণ না থাকার বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা প্রয়োজন। তবে মৃত নারীর মুখ দিয়ে ফেনা বের হয়েছিল বলে তিনি জানান।
পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সমীর ভট্টাচার্য্য বলেন, এটি বিষপানে আত্মহত্যার ঘটনা, নাকি ধর্ষণের পর হত্যাকাণ্ড তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি তদন্ত করছে পুলিশ। তবে এখন পর্যন্ত উদ্ধার হওয়া নারীর পরিচয় শনাক্ত করা যায়নি।
এমআর/আরএফ/বিআরইউ
