বিদেশিদের বাংলাদেশে আসা-যাওয়া আরও সহজ ও সুশৃঙ্খল করার পাশাপাশি বিদেশি বিনিয়োগ, পর্যটন ও দক্ষ মানবসম্পদ আকৃষ্ট করতে আগের নীতিমালা সংশোধন করে নতুন ভিসা নীতিমালার খসড়া তৈরি করেছে সরকার। তবে এটিকে আরও পরিমার্জনের জন্য অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (০২ জুলাই) মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি এ তথ্য জানান।
এর আগে বিকেল সাড়ে ৪টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ ভবনের জনপ্রশাসন সভাকক্ষে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জানা গেছে, ২০০৬ সালে ভিসা নীতিমালা জারি করে সরকার। বিদেশিদের বাংলাদেশে আসা ও যাওয়া সহজ করা, বিদেশি বিনিয়োগ-ব্যবসা ও দক্ষ মানবসম্পদ আকৃষ্ট করা, পর্যটন ও আতিথেয়তা খাতকে উৎসাহিত করা, প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তর নিশ্চিত করা, জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা, পারস্পরিকতা নীতির ভিত্তিতে আন্তর্জাতিক ভ্রমণ ব্যবস্থাপনা করা, আধুনিক ও সেবামুখী অভিবাসন কাঠামো গড়ে তোলার লক্ষ্যে ভিসা নীতিমালা ২০২৬-এর খসড়া তৈরি করা হয়েছে।
এটিকে পরিমার্জনের জন্য অর্থমন্ত্রীর সভাপতিত্বে একটি মন্ত্রিসভা-কমিটি গঠন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ কমিটিকে সাচিবিক সহায়তা করবে।
এসএইচআর/আরএফ
