রাজধানীর গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকায় সুষ্ঠুভাবে শিডিউল ডিস্লাজিং (কাদামাটি অপসারণ) কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
বৃহস্পতিবার (২ জুলাই) ডিএনসিসি নগর ভবনে কার্যক্রমটির বাস্তবায়নের কর্মপদ্ধতি নির্ধারণের লক্ষ্যে এক সমন্বয় সভায় প্রশাসক এই প্রতিশ্রুতি দেন।
সভায় প্রশাসক নগরের সেপটিক ট্যাংক পরিষ্কার করার ক্ষেত্রে যথাযথ নিয়ম কানুন মেনে পরিবেশ দূষণ রোধ করার এবং জনগণের স্বার্থে এই প্রকল্প বাস্তবায়নের অনুরোধ জানান।
প্রশাসক বলেন, ঢাকার সবকিছুই সিটি করপোরেশন পরিচালনা করে না। এখানে রাজউক, ওয়াসা ও বিদ্যুৎ বিভাগ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। এই তিন বিভাগের সঙ্গে সমন্বয় করে ঢাকা উত্তর সিটি করপোরেশন জনগণের স্বার্থে সব সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে।
সভায় বারিধারা সোসাইটি, গুলশান সোসাইটি, বনানী সোসাইটি ও নিকেতন সোসাইটির প্রতিনিধিরা প্রশাসকের সঙ্গে একমত পোষণ করেন এবং শিডিউল ডিস্লাজিং কার্যক্রমে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।
সভায় সোসাইটির প্রতিনিধিরা জানান, ঢাকা শহরের কিছু এলাকার পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার জন্য ঢাকা ওয়াসার সুয়ারেজ লাইন আছে এবং কিছু অংশে সেপটিক ট্যাংকের ব্যবস্থা আছে। তবে অধিকাংশ ক্ষেত্রে পয়ঃবর্জ্য সরাসরি ড্রেনে সংযোগ দেওয়া হয়েছে, ফলে মারাত্মক স্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি এবং মশার বংশবৃদ্ধিসহ জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।
সভায় প্রশাসক, গুলশান, বনানী ও বারিধারা লেকসহ সব জলাধারে পয়ঃবর্জ্যের অবৈধ নিষ্কাশন রোধকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, বিভিন্ন অংশীজনের মধ্যে সমন্বয় সাধন এবং সচেতনতা বৃদ্ধিসংক্রান্ত কার্যক্রম জোরদারের ব্যাপারে নির্দেশনা দেন।
সভায় প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা ওয়াসার মধ্যে পয়ঃবর্জ্য ব্যবস্থাপনাসংক্রান্ত একটি মেমরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং গত ২০২৩ সালের ১০ অক্টোবর স্বাক্ষরিত হয়েছে।
মেমরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিংয়ের আলোকে ডিএনসিসির আওতাভুক্ত এলাকায় নিরাপদ ও টেকসই পয়োনিষ্কাশন পরিষেবা সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে শিডিউল ডিস্লাজিং পরিচালনার জন্য প্রাথমিকভাবে যোগ্য ৫টি বেসরকারি প্রতিষ্ঠানের শিডিউল ডিস্লাজিং পরিচালনার সক্ষমতা যাচাইয়ে পরীক্ষামূলকভাবে আগামী ২ মাসের মধ্যে ড্রাই রান কার্যক্রম সম্পাদনের অনুমতি দেওয়া হয়।
ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় বারিধারা সোসাইটি, গুলশান সোসাইটি, বনানী সোসাইটি, নিকেতন সোসাইটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ডিএনসিসি ও ঢাকা ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এএসএস/এসএএস
