বিজ্ঞাপন

চট্টগ্রাম ওয়াসায় ১৭ বছর পর পদোন্নতি, ২৪২ জন পেলেন নতুন দায়িত্ব

চট্টগ্রাম ওয়াসায় ১৭ বছর পর পদোন্নতি, ২৪২ জন পেলেন নতুন দায়িত্ব

দীর্ঘ ১৭ বছর পর চট্টগ্রাম ওয়াসায় পদোন্নতির জট কেটেছে। সম্প্রতি সংস্থাটির ৩২ জন কর্মকর্তাসহ মোট ২৪২ জন কর্মকর্তা-কর্মচারীকে পদোন্নতি দেওয়া হয়েছে।

এর আগে দীর্ঘদিন পদোন্নতি না হওয়ায় প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষ ছিল। নতুন ব্যবস্থাপনা পরিচালকের উদ্যোগে দীর্ঘদিনের সেই স্থবিরতা কাটায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তাদের মতে, দীর্ঘ সময় ধরে ঝুলে থাকা পদোন্নতি কার্যকর হওয়ায় কর্মপরিবেশে ইতিবাচক প্রভাব পড়বে এবং কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনের আগ্রহও বাড়বে।

পদোন্নতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে চট্টগ্রাম ওয়াসা শ্রমজীবী ইউনিয়নের পক্ষ থেকে নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালককে শুভেচ্ছা জানানো হয়। এ উপলক্ষ্যে মিষ্টিমুখের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. নওশাদ, সহ সভাপতি মো. ওমর, মো. জামাল উদ্দিনসহ পদোন্নতিপ্রাপ্ত শতাধিক কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. নওশাদ বলেন, দীর্ঘ ১৭ বছর পদোন্নতি না হওয়ায় অনেক কর্মকর্তা-কর্মচারী পেশাগতভাবে বঞ্চিত ছিলেন। এতে তাদের মধ্যে হতাশা তৈরি হয়েছিল। নতুন ব্যবস্থাপনা পরিচালক দায়িত্ব নেওয়ার পর অল্প সময়ের মধ্যেই বিষয়টির সমাধান করেছেন। এতে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে স্বস্তি ও কর্মোদ্যম ফিরে এসেছে। 

তিনি বলেন, এই পদোন্নতি শুধু দীর্ঘদিনের বঞ্চনার অবসানই ঘটায়নি, বরং প্রতিষ্ঠানের কর্মপরিবেশ ও সেবার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও তারা আশা করছেন।

চট্টগ্রাম ওয়াসার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউসুফ বলেন, দীর্ঘদিন পর পদোন্নতির সুযোগ পাওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের মনোবল বেড়েছে। এর ফলে তারা আরও উৎসাহ নিয়ে দায়িত্ব পালন করবেন। এর ইতিবাচক প্রভাব ওয়াসার সার্বিক কার্যক্রম ও গ্রাহকসেবার মানেও প্রতিফলিত হবে।

এমআর/বিআরইউ