চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে ডোবার পানিতে ডুবে আসহাবুল আরাফ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার হাশিমপুর ইউনিয়নের ছৈয়দাবাদ রেললাইন-সংলগ্ন মোহাম্মদ সওদাগরের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আসহাবুল আরাফ চন্দনাইশ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাইর মোহাম্মদপাড়া এলাকার প্রবাসী নুরুল আবছারের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, আসহাবুল তার মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে এসেছিল। শুক্রবার সকালে সে বাড়ির পাশের একটি ডোবার পাড়ে খেলাধুলা করছিল। একপর্যায়ে সবার অগোচরে সে ডোবার পানিতে পড়ে যায়। শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে ডোবার পানিতে তাকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
নিহতের চাচা জাহাঙ্গীর আলম বলেন, শিশুটিকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও, তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এমআর/জেআই/এমএন
