বিজ্ঞাপন

চট্টগ্রামে রাতের আঁধারে পোলট্রি ব্যবসায়ীর বাড়িতে এলোপাতাড়ি গুলি

চট্টগ্রামে রাতের আঁধারে পোলট্রি ব্যবসায়ীর বাড়িতে এলোপাতাড়ি গুলি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক পোলট্রি ব্যবসায়ীর বসতবাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

শুক্রবার (৪ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ডলুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আবছার উদ্দীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার পোলট্রি ব্যবসায়ী লিটনের বাড়ি লক্ষ্য করে হঠাৎ দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। গুলির বিকট শব্দে আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হামলার শিকার লিটন জানান, গতকাল রাত ৮টা ১৬ মিনিটের দিকে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। তিনি ওই সময় ঘরের ভেতরে অবস্থান করায় প্রাণে রক্ষা পান। হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় কাউকে শনাক্ত করতে পারেননি বলেও জানান তিনি।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

এমআর/এমএন