বিজ্ঞাপন

মহাখালীর সাততলা বস্তিতে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

মহাখালীর সাততলা বস্তিতে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

রাজধানীর মহাখালীতে সাততলা বস্তির একটি বাসায় ইলেকট্রিকের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইকবাল হোসেন (৩৫) নামের এক মিস্ত্রির মৃত্যু হয়েছে।

শনিবার (৪ জুলাই) দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে আসা নিহতের শ্যালক জীবন বলেন, আমার দুলাভাই বিভিন্ন অনুষ্ঠানে ডেকোরেশনের ইলেকট্রিক মিস্ত্রির কাজ করতেন। আজ দুপুরের দিকে মহাখালী সাততলা বস্তির ভাড়া বাসায় ইলেকট্রিকের কাজ করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়েন। পরে আমরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

তিনি আরও বলেন, আমার দুলাভাইয়ের বাড়ি নোয়াখালী জেলার মাইজদী থানা এলাকায়। তিনি ওই এলাকার মৃত জাকির হোসেনের ছেলে। বর্তমানে তিনি মহাখালী সাততলা বস্তিতে ভাড়া বাসায় থাকতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক‍্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এসএএ/আরএফ/বিআরইউ