বিজ্ঞাপন

পারস্পরিক সম্পর্ক ও বোঝাপড়া আরও দৃঢ় করতে চাই : মা‌র্কিন রাষ্ট্রদূত

পারস্পরিক সম্পর্ক ও বোঝাপড়া আরও দৃঢ় করতে চাই : মা‌র্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশের মানুষের সঙ্গে যুক্তরাষ্ট্রের ইতিহাস ও সংস্কৃতি ভাগাভাগি করে দুই দেশের মানুষে-মানুষে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার কথা জা‌নিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

শনিবার (৪ জুলাই) রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

ক্রিস্টেনসেন বলেন, আজ থেকে ২৫০ বছর আগে, আমাদের ৫৬ জন ফাউন্ডিং ফাদার স্বাধীনতা ও স্বায়ত্তশাসনের জন্য নিজেদের সবকিছু বাজি রেখেছিলেন। আমরা বিশ্বাস করি, আমেরিকার এই ইতিহাস বিশ্বের বহু মানুষকে অনুপ্রাণিত করেছে— যার মধ্যে বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের নিজস্ব স্বাধীনতা সংগ্রামও রয়েছে।

তিনি বলেন, আমরা চাই আমাদের ইতিহাস, আদর্শ ও মূল্যবোধ বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিতে। একইসঙ্গে বাংলাদেশের মানুষ ও সংস্কৃতিকে আমরা আরও ভালোভাবে জানতে চাই। এজন্য দেশজুড়ে আমেরিকা সপ্তাহ উদযাপন করা হ‌চ্ছে।

অনুষ্ঠানে বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক নিয়ে একটি প্রশ্ন করা হলে মা‌র্কিন রাষ্ট্রদূত এদিন শুধু যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস ও দেশটির ইতিহাস নিয়ে প্রশ্ন করার অনু‌রোধ জানান।

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষ্যে বিচারপতি শাহাবুদ্দিন আহমদ পার্কে মার্কিন দূতাবাস আয়োজিত ‘আমেরিকান ফেয়ার ইন দ্য পার্ক’ অনুষ্ঠান ঘুরে দেখেন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন।

এনআই/আরএফ/জেডএস