বিজ্ঞাপন

প্রবাসীদের ভোগান্তি কমাতে বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২

প্রবাসীদের ভোগান্তি কমাতে বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ভবঘুরে, ভিক্ষুক ও মাদকাসক্তদের উৎপাত বন্ধে সাঁড়াশি অভিযান চালিয়ে ৮২ জনকে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ। 

পুলিশের দাবি, প্রবাসী যাত্রী ও সাধারণ মানুষের ভোগান্তি কমাতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।

ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী জানান, শনিবার (৪ জুলাই) ভোর ৫টা থেকে বিমানবন্দর গোলচত্বর, বিআরটিএ স্টেশন, বিমানবন্দর রেলওয়ে স্টেশন, পুলিশ বক্সের আশপাশ, বিমানবন্দরের প্রবেশপথ, ভিভিআইপি ও ভিআইপি সড়কসহ আশপাশের এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে ৫৮ জন মাদকাসক্ত পথশিশু এবং বিভিন্ন অপরাধে জড়িত আরও ২৪ জনকে আটক করা হয়েছে। সব মিলিয়ে আটক হয়েছে ৮২ জন।

তিনি বলেন, বিমানবন্দর এলাকায় কোনো অবস্থাতেই ভবঘুরে, ভিক্ষুক ও মাদকাসক্তদের অবস্থান করতে দেওয়া হবে না। এ লক্ষ্যে নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত থাকবে। বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নিয়াজ মেহেদী জানান, আটক হওয়া শিশুদের বিষয়ে শিশু আইন, ২০১৩ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের সুরক্ষায় ‘শিশুবিষয়ক পুলিশ কর্মকর্তার’ মাধ্যমে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

জেইউ/জেডএস

বিজ্ঞাপন