বিজ্ঞাপন

পল্লবীতে ১৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

পল্লবীতে ১৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

রাজধানীর পল্লবী এলাকায় ১৪ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. আনোয়ার হোসেন সাঈদ (৫০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পল্লবী থানা পুলিশ।

শনিবার (৪ জুলাই) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে পল্লবী থানাধীন থার্টিন হার্টস ক্যাম্প এলাকায় বাথরুম থেকে ফেরার পথে ভুক্তভোগী শিশুর মুখ চেপে ধরে তাকে জোর করে নিজের ভাড়া বাসার দ্বিতীয় তলায় নিয়ে যান অভিযুক্ত আনোয়ার হোসেন সাঈদ। সেখানে শিশুটিকে মারধর করে মুখে বালিশ চেপে অচেতন করে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। পরে তাকে বিবস্ত্র অবস্থায় কলপাড়ের একটি পানির হাউজে ফেলে রেখে পালিয়ে যান অভিযুক্ত।

তিনি আরও জানায়, স্থানীয় এক ব্যক্তি অজু করতে গিয়ে পানির হাউজে অচেতন ও বিবস্ত্র অবস্থায় শিশুটিকে দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন ও ভুক্তভোগীর স্বজনরা এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

তিনি জানান, খবর পেয়ে স্থানীয় লোকজন অভিযুক্ত আনোয়ার হোসেন সাঈদকে আটক করে রাখেন। খবর পেয়ে পল্লবী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তি এর আগেও বিভিন্ন সময়ে ভুক্তভোগীকে উত্যক্ত করতেন এবং বিভিন্ন ধরনের অশালীন প্রস্তাব দিতেন।

এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে পল্লবী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে বলেও তিনি জানান।

এমএসি/এএমকে