বিজ্ঞাপন

ইউএন-কপস সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন আইজিপি

ইউএন-কপস সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন আইজিপি

জাতিসংঘের সদস্যভুক্ত দেশের পুলিশ প্রধানদের ৫ম সম্মেলনে ইউএন-কপস-২০২৬ অংশ নিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

রোববার (৫ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ সদরদপ্তর।

পুলিশ সদরদপ্তর জানায়, গতকাল শনিবার দিবাগত রাতে জাতিসংঘের সদস্যভুক্ত দেশের পুলিশ প্রধানদের ৫ম সম্মেলনে ইউএন-কপস ২০২৬ অংশ নিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ইউএনকপস ২০২৬ সম্মেলনে পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন। আইজিপি ছাড়া প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হলেন অতিরিক্ত আইজি খোন্দকার রফিকুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি মো. আব্দুল্লাহ আল-মামুন প্রমুখ।

সম্মেলনের মূল অধিবেশনে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজিপি বক্তব্য দেবেন। তাদের বক্তব্যে ভবিষ্যৎ জাতিসংঘ পুলিশ কার্যক্রমে বাংলাদেশের অঙ্গীকার, বাংলাদেশ পুলিশের পেশাগত সক্ষমতা, শান্তিরক্ষা মিশনে অবদান এবং আধুনিক, প্রযুক্তি নির্ভর ও জনমুখী পুলিশিংয়ের ক্ষেত্রে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হবে।

পুলিশ সদরদপ্তর আরও জানায়, সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্যগণ জাতিসংঘ পুলিশ ডিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন। এসব বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের বর্তমান ও ভবিষ্যৎ অংশগ্রহণ, উচ্চপর্যায়ে বাংলাদেশ পুলিশের কর্মকর্তাদের প্রতিনিধিত্ব, পুলিশের প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি এবং বিশ্ব শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় জাতিসংঘ পুলিশের ভূমিকা ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।

দুই দিনব্যাপী ইউএন-কপস সম্মেলন আগামী ৭-৮ জুলাই নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, বাংলাদেশ পুলিশ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে পুলিশে অন্যতম শীর্ষ অবদানকারী দেশ হিসেবে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ সম্মেলনে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ পুলিশের পেশাগত সক্ষমতা, নেতৃত্ব এবং শান্তিরক্ষা কার্যক্রমে অবদানকে আরও সুদৃঢ় ও দৃশ্যমান করবে।

এমএসি/এমএন