বিজ্ঞাপন

লালবাগে ভবন থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

লালবাগে ভবন থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

রাজধানীর লালবাগের আজিমপুর এলাকার একটি সাততলা ভবন থেকে পড়ে রাজ্জাক হোসেন (৬০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের দাবি, ব্যবসায়িক মন্দাভাবের কারণে ভবনের সাততলা থেকে লাফিয়ে পড়ে তিনি আত্মহত্যা করেছেন।

রোববার (৫ জুলাই) বিকেল পৌনে তিনটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রাজ্জাকের বাড়ি রাজধানীর মোহাম্মদপুর এলাকায়। তার বাবার নাম মৃত ফকির চান। তিনি একটি বেসরকারি কোম্পানির সঙ্গে জমিজমা সংক্রান্ত ব্যবসা করতেন বলে জানিয়েছেন স্বজনরা।

তাকে হাসপাতালে নিয়ে আসা সিফাত জানান, মৃত ব্যক্তি সম্পর্কে আমার বড় ভাইয়ের শ্বশুর। তিনি একটি বেসরকারি ডেভলপার কোম্পানির সঙ্গে ব্যবসা করতেন। ব্যবসা মন্দা হওয়ার কারণে বেশ কিছুদিন ধরেই তিনি মানসিকভাবে চিন্তিত ছিলেন। আজ সকালে আজিমপুরে মেয়ের বাড়িতে বেড়াতে যান তিনি। এ সময় কাউকে কিছু না বলে ওই ভবনের সাততলার ছাদ থেকে লাফিয়ে পড়েন। বিষয়টি জানতে পেরে আমরা দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

এসএএ/জেডএস

বিজ্ঞাপন